তিন মাস পর খুলে দেওয়া হচ্ছে মক্কার মসজিদ
তিন মাস পর খুলে দেওয়া হচ্ছে মক্কার মসজিদ
পবিত্র মক্কা নগরীতে ১ হাজার ৫৬০টি মসজিদ রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে। প্রায় তিন মাস বন্ধ থাকার পর কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ মসজিদগুলো খোলা হচ্ছে। গেল মাসে সৌদির বিভিন্ন শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল। রোববার ফজরের ওয়াক্ত থেকে মসজিদ খুলে দেওয়া হচ্ছে। খবর গলফ নিউজ।
দেশটির ইসলাম সংক্রান্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।
এর আগে মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল মন্ত্রণালয়। একই সঙ্গে মুসল্লিরা কত দূরত্বে দাঁড়াবেন তাও কার্পেটের উপর এঁকে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে।
এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।
তবে মসজিদে হারামের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মসজিদের হারামের সাধারণ মানুষ নামাজের অনুমতি পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার কথা বললেও হজের কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব।
ধারণা করা হচ্ছে, করোনার প্রকোপ কমে আসা দেশগুলোর মুসল্লিদের হজের অনুমতি দিতে পারে দেশটি। তবে হজযাত্রা ও সৌদি আরবে অবস্থানের সময় কমবে। না হলে শুধু সৌদি আরবে বাসবাসকারীরা হজ পালনের সুযোগ পাবেন।
সেক্ষেত্রে মিনা থেকে শুরু করে পাঁচদিনের মধ্যে হজের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
ছবিঃ সংগ্রহ

