দমকা হাওয়াসহ মাঝারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর এবং এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি সকাল ৬ টায় কিয়াইকতো এর কাছে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি একইস্থানে দুর্বল হয়ে মিয়ানমার এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে আরো বলা হয়েছে,নিম্নচাপটি আরো উত্তর,উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমে দূর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তরপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

