দেশে জরুরি অবস্থা

দেশে জরুরি অবস্থা জারির পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশে আংশিক বা পুরোপুরি লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

আজ শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকেই মেয়রকে দেশে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন সংস্থাটির বিশেষজ্ঞরা।

সাঈদ খোকন রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে শেষে সাঈদ খোকন বলেন, তাদের পরামর্শ সরকারের সর্বোচ্চ মহল অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরামর্শ দিয়েছে, তা হচ্ছে, দেশে লকডাউন অবস্থা ঘোষণা করা। পুরোপুরি না হলে অন্তত আংশিক লকডাউন তৈরি করা। একইসঙ্গে জরুরি অবস্থা জারি করা।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় দুইভাবে কাজ করতে হবে। এক, সরকার তার পদক্ষেপ নেবে, যেটি সরকার নিচ্ছে। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের জনগণকে সচেতন হতে হবে।

ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা বলেন, আমরা তো কোনও সিদ্ধান্ত দিতে পারি না। এটা রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়। আমরা কেউ ঝুঁকির বাইরে নেই।

বৈঠকে ছিলেন, ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাবলিক হেলথ ইমার্জেন্সি প্রধান ডা. ইআই সাক্কা হাম্মান, ইউএস সিডিসি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিহাল এ ফ্রাদমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ জন। মৃতের সংখ্যা দুইজন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর