দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজ্জি
পবিত্র হজ্জ পালন শেষে ১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজ্জি। এই ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি এবং ফ্লাইনাসের ৭টি।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ৪২তম হজ্জ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
চলতি বছর হজ্জ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরব যান মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। এসব হজ্জযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজ্জযাত্রী বহন করে।
পবিত্র হজ্জ পালন শেষে দেশে আসা হাজ্জিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রসঙ্গত, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজ্জিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজ্জিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
এদিকে এবার হজ্জে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৭০ জন হজ্জি। তাদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৬ জন। তাদের মধ্যে মক্কায় ৫৬, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জনের মৃত্যু হয়েছে।
ছবিঃ সংগ্রহ

