দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে। এতে দেশের বাজারে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা।
রবিবার (২২ আগস্ট) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আজ থেকে এ নতুন দর কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, করোনার কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাপ্তরিক জটিলতায় গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
তাই বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ানোর ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ৫১ হাজার ২৬৩ টাকা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
ছবিঃ সংগ্রহ

