দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ১৬১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গত ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরির দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালো মানের এক ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সর্বোচ্চ দাম।
এই রেকর্ড দাম হওয়ার চারদিন পর এখন দাম কিছুটা কমানো হলো। সোমবার (৪ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও এবার রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬২৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

