নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
প্রশিক্ষণের লক্ষ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য গজনবী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান । বুধবার রাতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ।
বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ কথা জানায় । কাশ্মীর নিয়ে ভারতের সাথে উত্তেজনা চলাকালীন পাকিস্তান এ পরীক্ষা চালালো । পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । ভারতের অগ্নি পরীক্ষার কয়েকদিনের ব্যবধানেই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান ।
এক টুইট বার্তায় মেজর গফুর জানান , পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে । এই মিসাইল ২৯০ কি.মি. দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দলের সদস্য ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে ।
এর আগে চলতি বছরের মে মাসে শাহিন -২ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান । সেটিও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ছিল । এছাড়া গৌরি নামের একই ধরণের আরও একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের রয়েছে ।
মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ । দেশটিতে রিজার্ভ আর্মি আছে পাঁচ লক্ষেরও বেশি এবং সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় সাত লক্ষ ।
এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে ২৬ আগস্ট ভারতকে জানিয়েছে পাকিস্তান । ২০০৫ সালের এক বিশেষ চুক্তি অনুযায়ী , দুই দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তিন দিন আগে অপর দেশকে জানানোর নিয়ম রয়েছে ।
ছবিঃ সংগ্রহ

