নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আজ (মঙ্গলবার) সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গতকাল (সোমবার) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
সেখানে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
ইসি সচিব আখতার আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
ছবিঃ সংগ্রহ

