পবিত্র রমজানে মক্কা ও মদিনার দুই মসজিদে তারাবিহ নামাজের অনুমোদন
পবিত্র রমজানে মক্কা ও মদিনার দুই মসজিদে তারাবিহ নামাজের অনুমোদন
পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে তারাবিহ নামাজ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে তারাবিহ হবে সংক্ষিপ্ত এবং মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর।
বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন।
এদিকে করোনাভাইরাস বিস্তার রোধে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৩১ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৯ জন। এর মধ্যে ৩৪ জন বাংলাদেশি।
ছবিঃ সংগ্রহ

