পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির ( পিপিপি ) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে । আজ সোমবার রাজধানী ইসলামাবাদে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ( এনএবি ) ১৫ সদস্যের একটি দল । গ্রেপ্তার অভিযানের আগে তাঁর বাসভবনের আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয় ।
বিবিসি’র খবরে বলা হয় , ভুয়া ব্যাংক হিসাবের মামলায় আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে । ভুয়া এসব ব্যাংক হিসাব থেকে শত শত কোটি রুপি বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে । এর আগে জারদারি এই মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন । ইসলামাবাদ হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেন । আদালতের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার করা হয় জারদারিকে ।
এদিকে আসিফ আলী জারদারিকে গ্রেপ্তারের পর তাঁকে এনএবি’র কার্যালয়ে নেওয়া হয়েছে । পিপিপি’র নেতা-কর্মীরা গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভ শুরু করেছেন । পিপিপি’র চেয়ারম্যান ও আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ।
২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জারদারি । তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী । রাওয়ালপিন্ডির এনএবি’র কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

