পিইসি-জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৩১ ডিসেম্বর
পিইসি-জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৩১ ডিসেম্বর
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর ।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ফলপ্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সময় চাওয়া হয়েছিল। ৩১ ডিসেম্বর সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এদিন একইসঙ্গে দুই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।
এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৫৫ লাখ শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাদের সমাপনী পরীক্ষার ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জিয়াউল হক বলেন, একই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তালিকা সবার জন্য অবমুক্ত করা হবে।
পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত জানানো হবে।
পাশাপাশি একই দিন ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় এবং ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
ছবিঃ সংগ্রহ

