কৃষিমন্ত্রী

পেঁয়াজের বিকল্প হিসেবে চিভ চাষ বৃদ্ধির নির্দেশ কৃষিমন্ত্রীর

পেঁয়াজের বিকল্প হিসেবে চিভ চাষ বৃদ্ধিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক । মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক (নভেম্বর) এডিপি সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়নভিত্তিক ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানাতে হবে। একই ফসল নিয়ে কয়েকজন কাজ করেন। এজন্য সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। ফসলের ক্ষেতে পানি সরবরাহ নিশ্চিত করতে যে সব খাল খনন করা হয়েছে সে সব এলাকার ফসলের উৎপাদন বৃদ্ধি-সহ অন্যান্য সুফলগুলো বের করতে হবে।

মন্ত্রী বলেন, ডাল ও তেল উৎপাদন বৃদ্ধিতে যারা কাজ করছেন তারা আগে থেকেই কি পরিমাণ বীজ উৎপাদন করবেন এবং তা থেকে কি পরিমাণ তেল ও ডাল পাওয়া যাবে নির্ধারণ করতে হবে। কতজন কৃষককে কি পরিমাণ বীজ দেয়া হবে তাও জানাতে হবে।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , সম্প্রতি পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য চিভ নামের মসলার জাত চাষে সাফল্য পেয়েছেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। মসলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন গবেষণা শেষে নর্থ চায়না, সাইবেরিয়ান ও মঙ্গোলিয়া অঞ্চলের মসলাজাতীয় বহুবর্ষজীবী চিভ নিয়ে সাফল্য পান ইনস্টিটিউটের আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূর আলম চৌধুরী। সহযোগী হিসেবে গবেষণায় অংশ নেন মোস্তাক আহমেদ, আলাউদ্দিন খান ও মোহাম্মদ মনিরুজ্জামান। বছরজুড়েই চাষ ও ফলনের উপযোগী বারি চিভ-১ নামের একটি জাত উদ্ভাবন করতে সক্ষম হন তারা।

চিভের স্বাদ অনেকটা দেশীয় মসলা পেঁয়াজ–রসুনের মতো। চিভ হজমে সহায়তা করে, রোগ নিয়ন্ত্রণ করে এবং এর মধ্যে ক্যানসার–প্রতিরোধী গুণাগুণ রয়েছে। এটি পৃথিবীর অনেক দেশে সাধারণত স্যুপ, সালাদ ও চায়নিজে ব্যবহৃত হয়। এর পাতা লিলিয়ান আকৃতির ফ্ল্যাট, কিনারা মসৃণ ও এর ভালভ লম্বা আকৃতির। চিভ । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, নায়াসিন, ক্যারোটিন ও খনিজ উপাদান বিদ্যমান।

চিভ

চিভ সাধারণত দেশের পাহাড়ি এলাকা সিলেট ও চট্টগ্রামে চাষ হয়। দেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, বগুড়া ও লালমনিরহাটে চিভ চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে । একবার চিভগাছ লাগালে দীর্ঘদিন ফল পাওয়া যায়। বাড়ির আঙিনায় বা টবে এই ফসলের চাষ করা যায়। চিভ সারা বছর ধরেই চাষ করা যায়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর