বাতিল হতে পারে এবারের হজ্জ
বাতিল হতে পারে এবারের হজ্জ
করোনা মহামারির কারণে এবারের হজ্জ বাতিল করতে পারে সৌদি সরকার। সৌদি আরবের হজ্জ এবং ওমরাহ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে বলা হয়, খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং বেশ কিছু দিকই বিবেচনায় রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই নিয়ে একটি সিদ্ধান্ত দেওয়া হবে। সৌদি সরকারের হজ্জ বিষয়ক কর্মকর্তা আরো জানায় যে , স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ্জ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে আছে। এছাড়া এবারের হজ্জ বাতিলের প্রস্তাবও উত্থাপিত হয়েছে। দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে।
এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ্জ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার করোনা মহামারিতে হজ্জের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এ বছর তাদের নাগরিকদের হজ্জে যাওয়ার অনুমতি দেবে না। এদিকে এবারের হজ্জ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ্জ পালন করতে সৌদি আরব যান।
মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ্জ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। মসজিদে নামাজ পড়া এমনকি ঈদের জামাতের ওপরেও বিধিনিষেধ ছিল সৌদিতে। একই সময়ে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেশটি। সেখানে বিভিন্ন শহরে কারফিউ জারি ছিল।
সৌদি আরবে এখনও পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত মারা গেছে ৮৫৭ জন।
ছবিঃ সংগ্রহ

