শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৫ আগস্টের পর
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৫ আগস্টের পর
করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, পরীক্ষার (এইচএসসি) তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাবো। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত, আগেও প্রস্তুতি ছিল। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করবো, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথ অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করবো।’
তিনি বলেন, ‘উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে।
শিক্ষা সচিব বলেন, এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, আমি বলবো যে সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়।
তিনি বলেন, আমি অনুরোধ করবো, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোন সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোন গুজব বা কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে।
সচিব বলেন, শিক্ষামন্ত্রী সুস্পষ্ট ভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।
তিনি বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।
উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা রয়েছে।
ছবিঃ সংগ্রহ

