হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭ তম জন্মবার্ষিকী আজ
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭ তম জন্মবার্ষিকী আজ
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭ তম জন্মবার্ষিকী আজ । পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৯২ সনের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এ কালজয়ী নেতা ।
বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দির কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি । মা খুজাস্তা আখতার বানু ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক ।
এই প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবিধানিক শাসনে বিশ্বাসী ছিলেন । তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে ১৯২৪ সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন , ১৯৩৭ সালে ফজলুল হক কোয়ালিশন মন্ত্রীসভার শ্রম ও বাণিজ্যমন্ত্রী , ১৯৪৩ – ৪৫ পর্যন্ত খাজা নাজিমুদ্দিনের মন্ত্রীসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী ছিলেন , ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী , পাকিস্তান আমলে ১৯৫৪ সালে আইনমন্ত্রী , ১৯৫৬ সাল পরবর্তী ১৩ মাস পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । ১৯৪৭ সালে পাক – ভারত স্বাধীনতার পর খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী ভূমিকা পালন করেন ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । ১৯৫৩ সালে তিনি একে ফজলুল হক ও মাওলানা ভাসানীর সাথে যুক্তফ্রন্ট গঠন করেন । ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ে তাঁর অবদান ছিল অবিস্মরণীয় । ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান প্রণয়নে তাঁর অবদান তাৎপর্যপূর্ণ । ১৯৬২ সালে আইয়ুববিরোধী আন্দোলনে তিনি মুখ্য ভূমিকা রাখেন ।
স্বাস্থ্যগত কারনে তিনি দেশের বাইরে যান ১৯৬৩ সালে । লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে ডিসেম্বরে রহস্যজনক ভাবে তিনি মৃত্যুবরণ করেন । ঢাকায় হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে রয়েছে তাঁর সমাধি ।
এইচ/এ/
ছবিঃ সংগ্রহ

