১২৮ বছরের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়
১২৮ বছরের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ । টেস্ট ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকে এমন একটি দিনের অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ । ১১২ টি টেস্ট খেলেছে বাংলাদেশ , এরমধ্যে জয় আছে ১২ টিতে । প্রথম টেস্টে ৬৪ রানে জয়ের পর এই টেস্টে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানের জয় পেল স্বাগতিকরা ।
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইনিংস ব্যবধানের এ জয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সিরিজ জয় নিঃসন্দেহে । এ নিয়ে ১৫ টেস্টে একে – অপরের মুখোমুখি হয়েছে । মোট তিনবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল ।
স্বাগতিক বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ক্যারিবীয়দের দুই ইনিংসে সংগ্রহ ১১১ ও ২১৩ । স্বাগতিক দলের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিং-এ দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ । আজ মিরপুরে ক্যারিবীয় শীর্ষ ৫ ব্যাটসম্যানই বোল্ড হয়েছেন তাদের ঘূর্ণিতে । এরমধ্যে মিরাজ নিয়েছেন ৩ উইকেট ও সাকিব ২ উইকেট । টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে তৃতীয় বার ঘটলো । প্রথমবার ১৮৭৯ সনে এবং দ্বিতীয়বার ঘটেছিল ১৮৯০ সনে । ১২৮ বছর পর বিশ্ব ক্রিকেট আবার দেখল শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড হতে । তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের স্পিনাররাই প্রথম এমনটা করে দেখালো বিশ্বকে । অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশঃ ৫০৮/১০ ; ১৫৪ ওভার ।
ওয়েস্ট ইন্ডিজঃ ১১১/১০ ; ৩৬,৪ ওভার ও ২১৩/১০ ; ৫৯,২ ওভার ।
ফলঃ বাংলাদেশ ১ ইনিংস ও ১৮৪ রানে জয়ী ।
ম্যাচ সেরাঃ মেহেদী হাসান মিরাজ ।
সিরিজ সেরাঃ সাকিব আল হাসান ।
ছবিঃ সংগ্রহ

