৫০ হাজার হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
পবিত্র হজ্জ পালনের জন্য আজ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১৪ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ হজ্জ অফিসের এক বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৯৫০ জন হজ্জ যাত্রী বিভিন্ন হজ্জ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এবার ৬০৩টি হজ্জ এজেন্সী বাংলাদেশ বিমান এয়ার লাইন্স ও সৌদি এয়ার লাইন্সের এবং ফ্লাইনাস এয়ারলাইন্স মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রী পরিবহণ করবে। এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
আগামী ২২ জুন বিমানের হজ্জ ফ্লাইট শেষ হবে। গত ২১ মে থেকে হজ্জ ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজ্জ যাত্রী পরিবহন করবে।
আগামী ২ জুলাই হজ্জ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় একজন মহিলাসহ ৪ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন।
ছবিঃ সংগ্রহ

