কাবা

২০২৬ সালে হজ্জে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজ্জ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মোট ৭৬ হাজার ৫৮০ জনের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ্জ পালনের জন্য নিবন্ধন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্জ পালনের সুযোগ দেওয়া হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ্জ গাইড, প্রশাসনিক ও কারিগারি দলও সৌদি আরবে যাবেন হজ্জ যাত্রীদের সহায়তার জন্য। মন্ত্রণালয় তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছে।

হজ্জ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজ্জ পালন করবেন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজ্জ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময় ছিল ২০২৫ সালে ১৬ অক্টোবর। আর নিবন্ধন শুরু হয় একই বছর ২৭ জুলাই।

হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল নির্দেশনা কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় । ২০২৬ সালের হজ্জ যাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।

সৌদি সরকার সকল হজ্জ যাত্রীর জন্য মেডিকেল ফিটনেস বাধ্যতামূলক করেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হজ্জ যাত্রা নির্বিঘ্ন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সচেতন থাকা এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা। সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় হজ্জ যাত্রীদের প্রস্তুতি থাকতে হবে।

হজ্জ যাত্রীরা ই-হজ্জ সিস্টেম , লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং বায়তুল মুকাররম হজ্জ অফিস ও আশকোনা হজ্জ অফিসের মাধ্যমে নিবন্ধন করেছেন।

বাংলাদেশি হজ্জ যাত্রী বহনের জন্য মোট তিনটি এয়ারলাইন্স দায়িত্বে থাকবে। সেগুলো হলো-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

নির্দেশনা অনুযায়ী, এজেন্সিগুলোকে প্রি-হজ্জ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে ২০ শতাংশ হজ্জ যাত্রী পাঠাতে হবে এবং বাকিদের প্রথম ও শেষ পর্যায়ে পাঠাতে হবে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো এজেন্সি প্রি-হজ্জ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ের হজ্জ ফ্লাইটে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।

সকলকে নির্দেশনার আলোকে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরও খবর