৮ আগস্ট থেকে তৈরি পোশাক ও বস্ত্রখাতের শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হবে
৮ আগস্ট থেকে তৈরি পোশাক ও বস্ত্রখাতের শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হবে
তৈরি পোশাক ও বস্ত্রখাতের শ্রমিকদের আগামী রোববার ৮ আগস্ট থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য কারখানার শ্রমিক-কর্মচারিদের তালিকা সংশ্লিষ্ট এলাকার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে কারখানায় শ্রমিকদের টিকা দেওয়া হবে।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শ্রমিকদের টিকা প্রদানের লক্ষ্যে কারখানাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রমিক-কর্মচারিদের তালিকা তৈরি করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি এবার বড় পরিসরে টিকাদান শুরু হবে।
তিনি জানান, ৮ আগস্ট চট্টগ্রাম ইপিজেডের শ্রমিকদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব কারখানার শ্রমিকরা টিকা পাবেন।
পোশাককর্মিদের টিকাদানের লক্ষ্যে এই শিল্পের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর পক্ষ থেকে পৃথকভাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মি নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোশাক কারখানায় কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে সমন্বয় করে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তরা টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। সূর্ষের হাসিসহ স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মিরাও পোশাককর্মিদের টিকাদানে সহায়তা করবেন।
ছবিঃ সংগ্রহ

