অবসরে ফজলে হাসান আবেদ
অবসরে ফজলে হাসান আবেদ
ব্র্যাক বাংলাদেশ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ।
মঙ্গলবার ঢাকার ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয় , গুরুত্বপূর্ণ কিছু সংখ্যক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
নৈশভোজের পর ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে বলা হয় , নতুন নেতৃত্বের কাছে সংস্থাটির পরিচালনার দায়িত্বভার অর্পণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন স্যার ফজলে হাসান আবেদ ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , চেয়ার এমেরিতাস হিসেবে তিনি ব্র্যাকের কৌশলগত পরিকল্পনার সঙ্গে নিবিড় ভাবে যুক্ত থাকবেন । আগামী দিনগুলোতে ব্র্যাকের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্বব্যাপী এর প্রভাব ও অবস্থান কিভাবে আরো শক্তিশালী করা যায় , তা নিয়ে কাজ করবেন তিনি ।
১৯৭২ সালে ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে ২০০১ সাল পর্যন্ত সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন ফজলে হাসান । ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ থেকে অবসর নেওয়ার পর তাঁকে চেয়ারপার্সন নির্বাচিত করে ব্র্যাকের তৎকালীন পরিচালনা পর্ষদ । পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের তত্ত্বাবধায়ক পর্ষদের চেয়ারপার্সন নির্বাচিত হন ।
অনুষ্ঠানে ফজলে হাসান বলেন , ‘ বিগত কয়েক বছর আমি ব্র্যাকে আমার পরবর্তী নেতৃত্ব নিয়ে অনেক ভেবেছি এবং সেই মতো প্রস্তুতি নিয়েছি । এখন আমার বয়স ৮৩ বছর । ব্র্যাককে সামনে এগিয়ে নেওয়ার কাজে যথাযোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়টি ছিল আমার সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ ।‘
ব্র্যাকের অগুনিত কর্মীদের স্মরণ করে তিনি বলেন , ‘ ব্র্যাক কখোনই আমি বা কোন ব্যাক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান ছিল না । আমি এর প্রতিষ্ঠাতা ঠিকই , কিন্তু ব্র্যাকের সুদৃঢ় ভিত্তি ও সুনাম তৈরি করেছেন এর নিবেদিত কর্মীরা , তাদের প্রত্যয় ও কর্মনিষ্ঠা দ্বারা । ‘
তিনি আরো বলেন ,’ আমি স্বপ্ন দেখি , ব্র্যাক আগামীতে আরো বড় হয়ে উঠবে , নতুন উদ্ভাবন চালিয়ে যাবে , নতুন দিনের প্রয়োজনে এগিয়ে আসবে নতুন সমাধান নিয়ে ।‘
১৯৭২ সালে যুদ্ধ বিধস্ত দেশে ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করা রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক এখন বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত । এশিয়া , আফ্রিকা অঞ্চলের ডজন খানেক দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক ইন্টারন্যাশনাল ।
ফজলে হাসান আবেদের বিদায় ঘোষণার অনুষ্ঠানস্থল ব্র্যাক সেন্টারের নৈশভোজে উপস্থিত ছিলেন নোবেলজয়ী বাংলাদেশী মুহাম্মদ ইউনুস ।
ছবিঃ সংগ্রহ

