অমর একুশে বইমেলার উদ্বোধন আজ
অমর একুশে বইমেলার উদ্বোধন আজ
একুশে বইমেলা ২০২০ শুরু হচ্ছে আজ থেকে। আজ ( ২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলার উদ্বোধন করবেন।
এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে একুশে বইমেলা
মেলার আয়তন সাড়ে আট লাখ বর্গফুট। মেলায় সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো থাকবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। যেখানে ৪৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৬৯৮টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি অংশে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা সংস্থাকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।
এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে লিটল ম্যাগ চত্বর। একই স্থানে শিশু চত্বরও করা হয়েছে। মেলা চলাকালীন শিশু প্রহর ঘোষণা হবে। এবারের মেলায় বাংলা একাডেমিসহ অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্য ছয়টি পথ থাকছে। মেলায় থকবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে বলে জানান আয়োজকরা।
ছবিঃ সংগ্রহ

