আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে
আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলাসহ বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হচ্ছে। ফলে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, গাঙেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম ঝাড়খন্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বেড়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এদিকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ভোলায় ৩২ মিলিমিটার, নিকলিতে ৩০ মিলিমিটার, মাইজদীকোর্টে ৩১ মিলিমিটার, মংলায় ২৮ মিলিমিটার।
অন্যদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

