লিপইয়ার

আজ অধিবর্ষ বা লিপইয়ার

আজ ২৯ ফেব্রুয়ারি অধিবর্ষ বা লিপইয়ার। চলতি বছর লিপইয়ার হওয়ায় এ মাসে একদিন বেশি। লিপইয়ার হচ্ছে একটি বিশেষ বছর যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। জ্যোতির্বৈজ্ঞানিক বছরের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এমন নিয়ম পালন করা হয়।

জ্যোতিবৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে, তার ওপর ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলির পুনরাবৃত্তি নির্ভর করে। এর সময়কাল হচ্ছে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড, অথচ প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জি মতে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গণনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পূরণের জন্য চার বছর পর পর ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়।

গ্রেগরীয় বর্ষপঞ্জি মতে, প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সন অনুযায়ী ফাল্গুন মাসে এই অতিরিক্ত একদিন যোগ হয়। তাই লিপইয়ারে ফেব্রুয়ারি ও ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ ও ৩১ দিনে।

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী ৪ দিয়ে বিভাজ্য বছরগুলোকে অধিবর্ষ বলা হয়। যেমন: ২০০৪ সাল একটি অধিবর্ষ। তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে একদম নিখুঁতভাবে ৩৬৫.২৫ দিন সময় নেয় না, একটু কম নেয়। তাই দেখা গেছে যে চার বছর পর পর অধিবর্ষ ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য,কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়। যেমন: ৪ দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও ১৯০০ সাল অধিবর্ষ নয়। কারণ এটি ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর