আজ জাতীয় আয়কর দিবস
আজ জাতীয় আয়কর দিবস
আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত করদানে উৎসাহিত করার লক্ষ্যে আজ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস -২০১৯ । দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর ) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । এবারের প্রতিপাদ্য বিষয় ‘ কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ , নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন ‘। আয়কর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন ।
আয়কর দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল র্যালির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
এতে আয়কর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের তারকা, সাংবাদিক, আয়কর আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে ব্লেছেন, দেশের উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে অভ্যন্তরীণ সম্পদের পর্যাপ্ত জোগান অপরিহার্য। মুক্তবাজার অর্থনীতির এ যুগে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের উৎস হিসেবে আয়করের গুরুত্বও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আয়কর কেবল রাজস্ব আহরণেরই প্রধান খাত নয়, ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য দূরীকরণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও কার্যকরী একটি মাধ্যম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর আহরণের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা কর বিভাগের প্রধান কাজ। কর প্রদানে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনবিআরের বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রামপর্যায় পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, এ বছর মেলা থেকে ৩৫৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা আয়কর সংগ্রহ করা হয়েছে । সেই সাথে সংস্থাটি তিন ক্যাটাগরিতে ১৪১ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি কর প্রদানের ভিত্তিতে ৫১৮ জন করদাতাকে সম্মাননা সনদ দিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দেশে উদযাপিত হচ্ছে আয়কর দিবস। যদিও আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।
ছবিঃ সংগ্রহ

