ভোটার দিবস

আজ জাতীয় ভোটার দিবস

আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। উদ্বোধন শেষে র‌্যালি বের হয়। র‌্যালিটি সংসদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

ভোটার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন এবং নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন।

এবার মুজিববর্ষ উপলক্ষে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সীমিত আকারে এই কার্যক্রম শুরু করা হবে। ধীরে ধীরে তা বাড়ানো হবে বলে জানায় ইসি। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন করা হবে। এ উপলক্ষে সারাদেশে ব্যাপক অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়েছে। ওই দিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোটার দিবস উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে। মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় ভোটার দিবসের র্যালিতে অথবা আলোচনা অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে।

এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন। বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখ নাগরিকের তথ্য রয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর