ইলিশ

আজ থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ

অক্টোবরের ৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু । নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহণ , গুদামজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও তিনি জানান ।

তিনি বলেন , এ সময়টায় মা ইলিশ ডিম পাড়ে। যদিও সারাবছর ডিম পাড়ে তবে এসময়ে ডিম পাড়ে ৮০ শতাংশ ইলিশ। আর এই ডিম পাড়ে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায় সেখানে মাছধরা নিষিদ্ধ থাকবে।

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।

প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন , ইলিশ নিষিদ্ধের সময় যে সব জেলেরা মাছ ধরার উপর নির্ভরশীল তাদের খাদ্য সহযোগিতা দেওয়া হবে। এসময়ে মাছ পরিবহন, গুদামজাতকরণ, বাজারে বিক্রি নিষিদ্ধ থাকবে। এটা তখন বেআইনি হবে।

নিষিদ্ধ সময়ে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার আমাদের সমুদ্রসীমা থেকে ইলিশ নিয়ে যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , বিদেশ থেকে বাইরের কোনো জাহাজ আসতে পারে না। আমাদের কোস্টগার্ড নেভির কর্মকর্তারা তৎপর রয়েছেন। তবে আগে আমাদের কিছু জাহাজ অন্যদের জলসীমায় চলে যেত। কারণ তখন আমাদের জলসীমা নির্দিষ্ট ছিল না। আমাদের দেশে যখন মাছ ধরা বন্ধ থাকে তখন কোনো মাছ ধরা ট্রলার আমাদের দেশে ঢুকতে পারে না ।

আশরাফ আলী খান বলেন, আমাদের ৬৫ দিন মাছ ধরা বন্ধ ছিল। এর ফলে আমাদের মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে। বিশেষ করে ইলিশ মাছের যে আকাল ছিল সেটা কমেছে।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী প্রতি বছর আশ্বিনী পূর্ণিমার সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস সংশোধন করে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ২০১৬ সালে বাড়িয়ে ২২ দিন করা হয়।

এর আগে এ সময় ছিল ১৫ দিন । ২০১৫ সালের আগে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ছিল ১১ দিন।

চলতি বছর ৯ থেকে ৩১ অক্টোবর ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদ নিষিদ্ধ থাকবে।

এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর