চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

আজ থেকে চবি’র অনলাইন ক্লাস শুরু

করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রায় সাড়ে পাঁচমাস বন্ধ থাকার পর অনলাইনে পাঠদান কার্যক্রম আজ থেকে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গত ২০ আগস্ট ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্তে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে হিসেবে আজ রবিবার ৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অনলাইন পাঠদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নিতে প্রস্তুতি নিয়েছে।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আংশিকভাবে শুরু হবে এ কার্যক্রম। যেখানে প্রত্যেকটা বিভাগের প্রতিটা কোর্স একসাথে শুরু করাটা সম্ভব হবে না। কারণ একসাথে সব কোর্স শুরু করতে যে পলিসি বা নির্দেশনা প্রয়োজন তা এখনও প্রস্তুত হয়নি। তিনি আরও জানান, এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে জুম অ্যাপের মাধ্যমে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে এ সম্পর্কিত তথ্য ও নির্দেশনা পাবে।

অধ্যাপক এস এম মনিরুল হাসান আরো বলেন, আপাতত অনলাইন ক্লাস চালু করে কাজটা এগিয়ে নিতে চাই। পরবর্তীতে অবস্থায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের ডিভাইস সংক্রান্ত সমস্যা সমাধানে ইউজিসির দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশের পর চার হাজার আবেদন জমা হয়। যেগুলো ইউজিসির কাছে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এটা কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে আসবে এ ব্যাপারে তারা ওয়াকিবহাল নন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আশা প্রকাশ করে বলেন, আমরা শুরু করেছি। খুব শিগগির সব বাঁধা কাটিয়ে সকল শিক্ষার্থীকে এই অনলাইন ক্লাসের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।

ছবিঃ সংগ্রহ

আরও খবর