রমজান 20200424_182337_0000

আজ থেকে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান

আজ থেকে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির রমজানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু। ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় রাতে সেহরি খেয়ে আজ রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, আসুন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ আহবান জানান।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান আত্মসংযম, অনুকম্প ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।

করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত এবং ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে আখ্যায়িত করেছে উল্লেখ করে তিনি এ প্রেক্ষাপটে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে এবারের রমজানের তারাবিসহ অন্যান্য সকল নামাজ নিজ নিজ বাসায় বসে আদায়ের আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোজা রাখার পাশাপাশি ঘরে অবস্থান করে বেশি বেশি করে কোরআন শরীফ তেলওয়াত করি। যিকির ও নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দেই যেন পরম করুনাময় আল্লাহতাআলা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারী হতে মুক্তি দেন। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।

এদিকে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে মসজিদে এশা ও তারাবি’র নামাজে অংশ নিতে পারবেন। এবার ইফতার মাহফিলের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর