আজ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
আজ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
আজ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ ভাবে পালন করা হচ্ছে দিবসটি।
জনসংখ্যা বৃদ্ধি বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে দিন দিন। আবার কোন কোন দেশে জনসংখ্যা হ্রাস বিশেষ সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে।
আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্বাধীনতার আগেই থেকেই প্রচলিত। প্রথমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় । দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ ব্যাপারে অসচেতনটা লক্ষ্য করা যায় ।
বিভিন্ন জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছেড়ে দেয়ার হার যেমন বেশি, সক্ষম দম্পতির সংখ্যাও তেমনি বেশি।
বাংলাদেশে প্রতি মিনিটে জন্মগ্রহণ করছে চারজন শিশু। পৃথিবীর মোট জনসংখ্যা ৬০ দশমিক সাত শতাংশ বসবাস করে শুধু এশিয়া মহাদেশে। এক লাখ ৪৭ হাজার পাঁচশ ৭০ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। ১৯৬১ সালে যেখানে জনসংখ্যা ছিলো তিন কোটির ওপরে সেই জনসংখ্যা এখন বেড়েছে পাঁচ গুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছুবে কয়েক বছরের মধ্যেই।
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩১ শতাংশ। কন্ট্রাসেপটিভ ব্যবহারকারী ৬২ দশমিক ৪ ভাগ। নারীপ্রতি গড় সন্তান সংখ্যা বা টিএফআর ২ দশমিক ০৫। মাতৃমৃত্যু হার প্রতি লাখে ১৭২ জন। ২০৩০ সালে এ হার হ্রাস পেয়ে হবে ৭০।
গত এক দশকে মাতৃমৃত্যু হ্রাস পেয়েছে ৪০ শতাংশ। নবজাতকের মৃত্যু হার হ্রাস পেয়ে এখন প্রতি হাজার জীবিত জন্মে ২৪। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অপূর্ণ চাহিদা এখন শতকরা ১২ ভাগ। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২ বছরের কিছু বেশি ।
ছবিঃ সংগ্রহ

