বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা     

শুভ বুদ্ধপূর্ণিমা আজ । দেশের বৌদ্ধ সম্প্রদায় সাড়ম্বরে উদযাপন করছে তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা । বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম , বোধিলাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল এদিনে ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় , সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা । প্রায় আড়াই হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে । এই রাতেই তিনি বোধিলাভ ( বুদ্ধত্ব লাভ ) করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় । এছাড়া তাঁর মৃত্যুও হয়েছিল এ রাতেই । তাই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা । গৌতম বুদ্ধের জন্ম , মহাপ্রয়াণ  ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা ।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন । দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন । বাণীতে তারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন , মহামতি বুদ্ধ একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন । ‘অহিংস পরম ধর্ম ‘ বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজে শান্তির জন্য সমভাবে প্রযোজ্য ।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে এ দেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শ ধারণ করে জ্ঞান , মেধা , কর্মদক্ষতা ও কৃতিত্বে নিজেদের আরও ঊর্ধেব তুলে ধরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ।

দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে । বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন , বাসাবো সবুজবাগ বৌদ্ধ বিহার দিবসটি উৎসবমূখর ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে । কর্মসূচীর মধ্যে রয়েছে বুদ্ধপূজা , মহাসংঘদান , শীলগ্রহণ , পবিত্র ত্রিপিটক পাঠ , আলোচনা সভা , সমবেত প্রার্থনা , প্রদীপ পূজা , সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর