আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।
রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।
এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য (মোট ১৬টি) রুটের ক্ষেত্রে কার্যকর হবে।
একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
এর আগে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার কথা বলেছিল।
২৬ মার্চ করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট আরও বেশি দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিমান। সেই সিদ্ধান্তে জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত, দুবাই ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল, আবুধাবি ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল, কাঠমান্ডু ১ এপ্রিল থেকে ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল এবং সিঙ্গাপুরে সকল ফ্লাইট ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ফ্লাইট।
ছবিঃ সংগ্রহ

