ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা ছিল।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
২০১৮ সালে একই অঞ্চলে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে পালু শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই দুর্যোগে ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ফলে সুলাওয়েসি অঞ্চলের বাসিন্দারা এখনও ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
ছবিঃ সংগ্রহ

