ট্রাম্প যুক্তরাষ্ট্র

ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শিগগির পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

শনিবার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা (শান্তি প্রস্তাব) পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না। কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।

ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন।

ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এ বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার ইরানের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তেহরান যা অফার করছে তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় ইরান। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং নতুন করে হামলার হুঁশিয়ারি তেহরানের ওপর আরও বেশি চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে।

ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন যে, এ মুহূর্তে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে ইরানের ওপর নমনীয় হওয়ার কোনো লক্ষণ তার কথায় প্রকাশ পায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার মধ্যদিয়ে টানা ৪০ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদের পর ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ান। তবে ইরানের নৌবন্দর অবরোধ অব্যাহত রেখেছেন ট্রাম্প।

আরও খবর