ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন । ঈদ-উল-ফিতর উপলক্ষে দেয়া এক বানীতে রাষ্ট্রপতি এ শুভেচ্ছা জানান ।
রাষ্ট্রপতি বলেন , পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ । “ ঈদ মোবারক “ ।
তিনি বলেন , ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর । দিনটি বড়ই আনন্দের , খুশির ।
তিনি বলেন , এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে , গ্রামগঞ্জে , সারা বাংলায় , সারা বিশ্বে । শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে , মিলিত হয় আত্মীয় – স্বজনের সাথে । এ দিনে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন ।
রাষ্ট্রপতি বলেন , ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য , সম্প্রীতি ও ঐক্যের বন্ধন । ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক , গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি ।
তিনি আরো বলেন , বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ । আবহমান কাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে । এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য । ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম । এখানে হিংসা – বিদ্বেষ , হানাহানির কোন স্থান নেই । মানবিক মূল্যবোধ । পারস্পরিক সহাবস্থান , পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে ।
রাষ্ট্রপতি বলেন , ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে । ইসলামের অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক । বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে – পবিত্র ঈদ-উল-ফিতরে এ প্রত্যাশা করি ।
ছবিঃ সংগ্রহ

