এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
এরপর বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানানো হবে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে এ ব্যবস্থা নিয়েছে সরকার।তবে পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানানোর পদক্ষেপ নেয়া হয়েছে।
ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে। এবার ফল প্রকাশের পরই স্বয়ংক্রিয়ভাবে এসএমএসে শিক্ষার্থীর বাসায় মোবাইল ফোনে তা (পরীক্ষার ফল) পৌঁছানোর পদক্ষেপ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ছাত্রছাত্রীদের রোলনম্বর প্রাক-নিবন্ধন করতে বলা হয়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সারাদেশে গড় পাসের হার ৮২. ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।
প্রকাশিত ফলে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৮৭. ৩১। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫. ২২। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪.৭৫।
এছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৭৮. ৭৯, দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২. ৭৩।
ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
ছবিঃ সংগ্রহ

