এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । ২০১৭ সনের ১৫ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।
এ উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ৯টায় মহিউদ্দিন চৌধুরীর বাসভবন-সংলগ্ন চশমাহিল কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। বাসভবনে পারিবারিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
১৯৪৪ সালের ১ ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। বাবা হোসেন আহমদ চৌধুরী ছিলেন রেলওয়ে কর্মকর্তা। মা বেদুরা বেগম।
১৯৬২ সালে এসএসসি, ১৯৬৫ সালে এইচএসসি এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ডিগ্রি লাভ করেন মহিউদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি ডিএলএফ কমান্ডার ছিলেন।
১৯৬৮ ও ১৯৬৯ সালে তিনি নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর শ্রমিক রাজনীতিতে যুক্ত হন মহিউদ্দিন চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের শীর্ষ পদে ছিলেন। যুবলীগের নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
এ ছাড়া নগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বিকেলে নগরের আউটার স্টেডিয়ামে বিজয় মেলার মঞ্চে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৯৯৪ সালে তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে আরও দুইবার তিনি মেয়র নির্বাচিত হন। জনপ্রিয় এই সাবেক মেয়রের বাড়ি চট্টগ্রামের ষোলশহরে। তাঁর বাসার গলিটি চট্টগ্রামবাসীর নিকট ‘মেয়রের গলি’ হিসেবে পরিচিত। তাঁর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালের ১৫ ডিসেম্বর হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ রাজনীতিবিদ।
ছবিঃ সংগ্রহ

