কাবা

করোনার টিকা নেওয়া বিদেশিরা ওমরাহ পালন করতে পারবেন

করোনা মহামারির কারণে বিদেশিদের জন্য সৌদি আরব হজ্জ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ রাখলেও এবার বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনার টিকা নেওয়া বিদেশিরা সৌদি গিয়ে ওমরাহ পালন করতে পারবেন।

আগামী ১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটির সরকার। সৌদির হজ্জ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন নামক অফিসিয়াল পেইজে এমন তথ্য দেওয়া হয়েছে।

তবে এবার বিদেশ থেকে ওমরাহ পালনে আসতে ইচ্ছুক মুসুল্লিদের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেগুলো হলো:

# ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। ওই ৯টি দেশ হচ্ছে- ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।

# এই দেশগুলো থেকে কোনও মুসল্লি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে তাদেরকে ওই ৯টি দেশ বাদে তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তবেই সৌদি আরবে যেতে হবে।

# ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

# কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে তাদেরকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

# ওমরাহ পালনের জন্য ১৮ বছর বা বেশি বয়সীদেরই অনুমোদন দেওয়া হবে। এছাড়া সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে আসতে পারবেন মুসল্লিরা।

# ওমরাহ পালনে বিদেশ থেকে আসা প্রত্যেক মুসল্লিকে প্রতিরোধমূলক ব্যবস্থা- যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সেই সঙ্গে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়।

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনেই নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যে সম্প্রতি বিশেষ শর্ত মেনে সীমিত পরিসরে হজ্জ আয়োজন করে সৌদি সরকার। বাইরের দেশ থেকে কাউকে অনুমোদন দেওয়া না হলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে ৬০ হাজার মুসল্লি অংশ নিয়েছিলেন। এর মধ্যে সৌদি নাগরিকদের পাশাপাশি দেশটিতে থাকা ১৫০টি দেশের নাগরিকরাও ছিলেন।

উল্লেখ্য, অন্যান্য বছরগুলোতে সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি মানুষ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনায় যেতেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর