বইমেলা

কলকাতায় আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

বৃহস্পতিবার বিকেলে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয়েছে ।  উদ্বোধন করেন গুয়েতেমালার  প্রখ্যাত সাহিত্যিক ইউডা মোরেস । কলকাতার পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড মেলার আয়োজক । প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , ভারতে নিযুক্ত গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়বান্নি কাস্তিয়ো প্রমুখ ।

প্রতিবারের মতো এবারও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিয়েছেন মেলায় । প্রায় ৪১ টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে । এছাড়া চীন , জাপান , রাশিয়া , ভিয়েতনাম , ইরান , আমেরিকা , অস্ট্রেলিয়া , ব্রিটেন , স্পেন , স্কটল্যান্ড , আর্জেন্টিনা সহ প্রায় ২১ টি দেশের প্রকাশকরা অংশ নিয়েছে এই মেলায় । এবারের বইমেলার থিম ‘ দেশ গুয়াতেমালা ‘ ।  মোট ৮০০ স্টলের মধ্যে ২০০ টি স্টল লিটল ম্যাগাজিনের । লিটল ম্যাগাজিন চত্বর উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি পিনাকী ঠাকুর’কে ।

বইমেলা চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং মোতায়েন করা হয়েছে প্রায় দু’হাজার পুলিশ । হেল্প ডেস্কের পাশাপাশি বই চুরি ঠেকাতে থাকবে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ । ২০০ টি সিসিটিভি ক্যামেরা ও চারটি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে । বই মেলায় আসা যাওয়ার জন্য থাকছে সরকারী বাস । প্রতিদিন লটারির মাধ্যমে সেরা দশ জন বই ক্রেতাকে দশ হাজার রুপি করে পুরষ্কার দেওয়া হবে । মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত । ১০ ফেব্রুয়ারি বইমেলায় পালন করা হবে ‘ বাংলাদেশ দিবস ‘ ।

৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী ভাষণে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘ বইমেলা আমাদের সবার প্রাণের মেলা । বইয়ের আরেক নাম জীবন । তাই এ মেলা আমাদের জীবনের মেলা গর্বের মেলা । বইয়ের মধ্যেই রয়েছে শিক্ষা – সংস্কৃতি । তাই বইয়ের কোন বিকল্প নেই ।  এই মেলা বই পড়ার মেলা , বইকে জানার মেলা , বই পড়াকে অনুপ্রাণিত করার মেলা ।‘  

ছবিঃ সংগ্রহ

আরও খবর