কামাল লোহানী আর নেই
কামাল লোহানী আর নেই
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সোয়া ১০টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে কামাল লোহানীকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কামাল লোহানীর মেয়ে বন্যা লোহানী।
বন্যা লোহানী বলেন, আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তাঁর ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে। তিনি মারা গেছেন। গতকাল আমরা তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করি। এর আগে তিনি রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ছবিঃ সংগ্রহ

