খোলা মাঠে সামাজিক দূরত্ব মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর
খোলা মাঠে সামাজিক দূরত্ব মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে খোলা মাঠে সামাজিক দূরত্ব মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে তিনি এ আহ্বান জানান।
করোনা সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের সঙ্গে মানবিক আচরণ করুন। তাদের সঙ্গে অমানবিক আচরণ না করে সুরক্ষিত থাকুন। সবাইকে সুরক্ষিত থাকতে হবে। মাস্ক পরুন, গরম পানি খান, নিজেকে সুরক্ষিত রাখুন।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুসারে কাজও শুরু হয়েছে। যাদের আসলেই প্রয়োজন, তারা যেন এই সহযোগীতা পান সেজন্য প্রতিটি ওয়ার্ডে তালিকা করতে বলা হয়েছে। তবে এই ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করবেন না। ত্রাণ নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না।
এ সময় আসন্ন রমযান মাসে পণ্য পরিবহন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে ঘরে বসে তারাবির নামাজ পড়া ও কৃষি উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এই কনফারেন্স শুরু হয়।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।
এর আগে প্রধানমন্ত্রী গত ১২ এপ্রিল খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন এবং পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী একই ইস্যুতে ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজেটিভ রোগী পাওয়ার পর থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে এই মারাত্মক ভাইরাসে ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং এক হাজার ২৩১ জন সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন।
ছবিঃ সংগ্রহ

