গাজায় ইসরাইলি হামলা

গাজায় বিমান হামলা ইসরাইলের অস্বীকার

ইসরাইলি সেনাবাহিনী গাজায় বিমান হামলায় নারী ও শিশু নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে , হামাসই এই মৃত্যুর জন্য দায়ী ।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রোনেন ম্যানেলিস রোববার এক টুইট বার্তায় বলেন , ‘ সন্ত্রাসী সংগঠনটি ইসরাইলের বিরুদ্ধে জঘন্য অপপ্রচার চালাচ্ছে ।‘

তিনি আরো বলেন , ‘ গাজায় ইসরাইলের হামলায় মা ও মেয়ের নিহত হওয়ার যে অভিযোগ আনা হয়েছে , তারা হামাসের ব্যবহৃত অস্ত্রের আঘাতেই নিহত হয়েছেন ।‘ খবর এএফপি’র ।

এদিকে গাজা ভূখণ্ড থেকে ছোড়া একটি রকেট হামলায় গত রাতে ইসরাইলের আশকেলন নগরীতে এক ব্যক্তির নিহত হওয়ার খবর জানায় পুলিশ । রকেট হামলায় গুরুতর আহত লোকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । ইসরাইলি গণমাধ্যম জানায় , লোকটির নাম মোশে আগাদি । গাজা সীমান্তবর্তী নগরীতে অবস্থিত তার বাড়িতে রকেটটি আঘাত হানে । রোববার শুরু হওয়া এ সহিংসতায় এই প্রথম কোন ইসরাইলি প্রাণ হারাল ।

যুক্তরাষ্ট্র ইসরাইলে রকেট হামলার নিন্দা জানিয়ে গাজায় ইসরাইলের হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে , ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে ।‘ শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে ।

এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গেন ওর্তাগাস এক বিবৃতিতে বলেন , ‘ যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরপরাধ বেসামরিক লোক ও আবাসিক এলাকায় হামাসের চলমান রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ।‘

তিনি আরো বলেন , ‘ আমরা সহিংসতাকারিদের প্রতি অবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি ।‘ মর্গেন বলেন ,’ আমরা ইসরাইলের পাশে আছি এবং তাদের উপর এই হামলার জবাবে তাদের আত্মরক্ষার যে অধিকার রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি । ‘

ছবিঃ সংগ্রহ  

আরও খবর