সিইসি নির্বাচন কমিশন

চট্টগ্রামে নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তা আমেরিকার চেয়েও ভালো – সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা বলেছেন, চট্টগ্রামে নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তা আমেরিকার নির্বাচনের চেয়েও ভালো। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং সকলের অংশ গ্রহণযোগ্য রয়েছে।

রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে।

সভা শেষে নূরুল হুদা বলেন, বিজিবি, আনসার, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার ১৬ জনের বক্তব্য আমরা শুনেছি। নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকে আশাবাদী ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্টু, নিরপেক্ষ ও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, আমরা আশ্বস্ত হয়েছি, বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়োগ-মোতায়েন সেটা সঠিকভাবে হয়েছে। আশা করি, নির্বাচন ভালো হবে।

সিইসি বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পাশাপাশি সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তাও কমিশন অনুভব করছে না। যেখানে ইভিএমে ভোট হবে সেখানে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। ভেতরে একজনের ভোট আরেকজন দেওয়া সেটা সম্ভব না। চট্টগ্রামে আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিপুল সংখ্যক মানুষ প্রচারণায় অংশগ্রহণ করছে। এবারের নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না। নির্বাচনের দিন ট্রাক এবং মোটরসাইকেল চলাচলে নিষেধ থাকবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর