চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু
চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু
চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু ।
প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটি উদ্বোধন করেন ।
নতুন সেতু দুটি চালু হলে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কিছুটা হলেও আরামদায়ক হবে বলে আশা করা যাচ্ছে ।
সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আবু সালেহ মোঃ নুরুজ্জামান জানান , জাপানী ঠিকাদারী প্রতিষ্ঠান ওবায়সি কর্পোরেশন , শিমঝু কর্পোরেশন , জেএফএফ কর্পোরেশন ও আইএইচআই ইনফ্রা সিস্টেমস কোম্পানি লিঃ ২০১৬ সনের জানুয়ারিতে দ্বিতীয় মেঘনা ও গোমতীর সঙ্গে দ্বিতীয় কাঁচপুর ব্রীজের কাজ শুরু করে ।
এই তিনটি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে , ৮ হাজার ৪শ’ ৮৭ কোটি টাকা । এর মধ্যে জাপানের জাইকা ৬ হাজার ৪ শ’ ৩০ কোটি টাকার সহায়তা দিয়েছে ।
প্রকল্প পরিচালক বলেন , এই প্রকল্পে প্রস্তাবিত ব্যয়ের তুলনায় ১ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে । চুক্তি অনুযায়ী জাপানের প্রতিষ্ঠানগুলো ২০১৬ সনের জানুয়ারিতে কাজ শুরু করে ২০১৯ সনের জুনে সম্পন্ন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়েছে ।
তিনি আরো বলেন , ‘ ২০১৬ সনের জুলাইতে হলি আর্টিজনে সন্ত্রাসী হামলার কারণে নির্মাণ কাজ চার মাস বন্ধ থাকে । এ কারণে সরকার নির্মাণ কাজ ৬ মাস বাড়িয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে দেয় । কিন্তু নির্মাণ কাজ নির্ধারিত সময়ের সাত মাস আগেই সম্পন্ন হয়েছে । ‘
ছবিঃ সংগ্রহ

