ঢাকায় বিভিন্ন স্থানে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকায় বিভিন্ন স্থানে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন
আগামী শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ উপলক্ষে নিরাপত্তার অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর থেকে নগরীর বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তারা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।
ঢাকা সিটি নির্বাচনে এই প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে। এদিকে আজ থেকে ভোটকেন্দ্রে যাবে নির্বাচনী মালামাল।
এরআগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন এবার।
নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র্যাব। ইভিএমের কারিগরি সহায়তায় প্রতি ভোটকেন্দ্রে দুইজন করে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে।
এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন।এ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব মিলিয়ে নির্বাচনে ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।
প্রতি দু’টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৫ জনসহ ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করেপারেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।
ছবিঃ সংগ্রহ

