জাতীয় সংসদ

গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, অধিবেশন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় মতপার্থক্য একটি স্বাভাবিক বিষয়। ভিন্নমত প্রকাশের সময় সংসদ সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সব পক্ষকে গালিগালাজের সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ অধিবেশনগুলোতে সব সদস্য সংসদীয় বিধি, রীতি ও চর্চা যথাযথভাবে অনুসরণ করবেন।

তিনি বলেন, সব সংসদ সদস্যের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২০২৬ সালের ২৭ আগস্ট শুরু হয়। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন এবং ছয়টি বিল পাস করা হয়।

আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

তিনি বলেন, সংসদ সদস্যরা কার্যপ্রণালি বিধির বিভিন্ন বিধানের অধীনে গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেন এবং বিধি অনুযায়ী এসব নোটিশ নিষ্পত্তি করা হয়।

স্পিকার বলেন, এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্ন জমা দেন।

এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্ন জমা দেওয়া হয়। এর মধ্যে অধিবেশন চলাকালে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।

সংসদীয় কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদ সদস্যদেরও ধন্যবাদ জানান।

স্পিকার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্যানেল অব চেয়ারম্যানের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সহযোগিতার কারণে অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

তিনি সংসদ সচিবালয়ের সচিব ও সব কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিসের সদস্য, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ ও টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সেবা প্রদানে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

অধিবেশনের সংবাদ সংগ্রহ ও প্রচারে সহযোগিতার জন্য সাংবাদিক এবং জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, বাংলাদেশ সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান স্পিকার।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন ও সুসংহতকরণে সম্মিলিত দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে এবং সংসদীয় কার্যপ্রণালি অনুসরণ করে সংসদ সদস্যরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এরপর স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।

আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আজকের বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছেন।

আরও খবর