ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হবে
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার শুরু হবে এই অধিবেশন।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই অধিবেশন আহ্বান করেছেন।
আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে। এই অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) সম্পন্ন হয় গত ১৫ জুলাই। তার আগে ১২ মার্চ বসে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।
ছবিঃ সংগ্রহ

