শিক্ষামন্ত্রী

দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, বাকিরা সপ্তাহে ১ দিন ক্লাস করবে – শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফেব্রুয়ারিতে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে দশম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে নিয়মিত ক্লাস। আর অন্যান্য শ্রেণিতে পাঠদান চলবে সপ্তাহে একদিন। 

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে একদিন করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে।

আজ রোববার জাতীয় সংসদে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিধান করতে আইন সংশোধনের প্রস্তাব উত্থাপনকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে। আপাতত এভাবেই চলবে তাদের পাঠদান।

ডা. দীপু মনি আরো বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ায় চলমান পরিস্থিতিতে তাদের গাদাগাদি করে বসানো সম্ভব হবে না। সেক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে প্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না।

তিনি বলেন, এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে ক্লাস করেছে। আবার কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। তাই এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তাহলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে।

এছাড়া বিলটি পাস হওয়ায় চলমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জটিলতার অবসান হয়েছে। শিগগিরই গেজেট প্রকাশের মাধ্যমে সেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ছবিঃ সংগ্রহ

আরও খবর