লোহার খনি

দিনাজপুরে দেশের প্রথম লোহার খনি আবিষ্কার  

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর ( জিএসবি ) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় লোহার আকরিকের ( ম্যাগনেটাইট ) খনি আবিষ্কার করেছে । দু’মাস কূপ খননের মাধ্যমে বহু পরীক্ষা-নিরীক্ষার পর জিএসবি’র কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন ।

খননকাজে নিয়োজিত জিএসবি’র উপ-পরিচালক মোহাম্মদ মাসুম জানান , ‘ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইসবপুর গ্রামে জিএসবি’র অনুসন্ধানে কূপ খনন করে ভূগর্ভের এক হাজার তিনশ ত্রিশ ফুট নীচে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে , যা দেশের জন্য একটি ব্যতিক্রমী ঘটনা এবং বংলাদেশে এধরণের প্রথম আবিষ্কার ।‘

তিনি আরো জানান , ‘ বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হয়েছে , সেসব খনির লোহার মান ৫০ শতাংশের নীচে । আর বাংলাদেশে লোহার পারসেন্ট ৬০ শতাংশের উপরে । জিএসবি’র নিজস্ব ল্যাব ও জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে । লোহার খনি আবিষ্কার বাংলাদেশে এই প্রথম , যার ব্যপ্তি ৬-১০ স্কয়ার কিলোমিটারের মধ্যে হতে পারে । এখানে কপার , নিকেল ও ক্রুমিয়ামেরও উপস্থিতি রয়েছে ।‘

তিনি জানান , এর আগে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর গত ২০১৩ সালে এই গ্রামের ২ কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল । সেই গবেষণার সূত্র ধরে চলতি বছরের গত ১৯ এপ্রিল থেকে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয় । এরপর ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৫০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে আশার আলো দেখা যায় । অবশেষে দীর্ঘ চেষ্টার ফলে এক হাজার ৭৫০ ফুট গভীরে খনন করে লোহার খনির আবিষ্কার করা হয়েছে । সেখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া গেছে ।

এখান থেকে লোহা উত্তোলন করা হলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে , জীবনযাত্রা পাল্টে যাবে , দেশের জন্য লাভজনক হবে এমনটাই আশা করছেন এখানকার সর্বস্তরের মানুষ ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর