স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। প্র‌তি ভরিতে ২০৪১ টাকা ক‌মি‌য়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে দেশীয় বাজারে তিন দফায় কমলো স্বর্ণের দাম।

মঙ্গলবার (৯ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১০ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। নতুন করে দাম কমানোর ফলে পর পর দুই সপ্তাহ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। দুই সপ্তাহে ভরিতে ৩৫৫৭ টাকা কমেছে স্বর্ণের দাম। আর চলতি বছরে তিনধাপে স্বর্ণের দাম মোট কমেছে ৫ হাজার ৫৪০ টাকা!

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনাকালীন মন্দা ও মন্থর বিশ্ব অর্থনীতির কারণে আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম এখন নিম্নমুখী। তাই দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ১৫১ টাকায়। অর্থাৎ এই এক সপ্তাহে ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৬৮ হাজার ১ টাকা। একইভাবে বুধবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৫৯ হাজার ২৫২ টাকা।

স্ব‌র্ণের দাম কম‌লেও রুপার আগের দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর