প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চার দিনের সরকারি সফর শেষে ভারত থেকে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের , প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক , প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।

এরআগে স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি বিমানটি নয়াদিল্লীর বিমান বাহিনী স্টেশন পালাম ত্যাগ করে ।

ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলীকে সঙ্গে নিয়ে বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ।

এর আগে সেখানে জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সফরকালীন আবাসস্থলে সাক্ষাৎ করেন। উল্লেখ্য , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফর করেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর